মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
আগামী ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নয়াপল্টনেই পূর্ব ঘোষিত স্থানে আমরা আমাদের সমাবেশ করব। সেই সমাবেশ শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের। অন্যথায় এর সব দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজনৈতিক কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অপেক্ষা করুন, ঢাকায় যা দেখবেন তা নিজের স্বচক্ষে দেখবেন। আমরা অবশ্যই সমাবেশ স্থলে যাব আর জনগণ কী করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।
বিএনপি মহাসচিব আলমগীর দাবি করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে গিয়ে বিএনপির কার্যালয়ে রেখে আসে। পরে তারা বিএনপির কার্যালয় থেকে বোমা উদ্ধারের নামে নাটক করে।
তিনি আরও বলেন, বিএনপির কার্যালয় থেকে দলের সদস্যদের দেওয়া মাসিক চাঁদা ও ব্যাংকের চেক বই নিয়ে গেছে পুলিশ। কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা ভেঙে ফেলেছে তারা।
বিএনপি মহাসচিব বলেন, আমরা সরকার এবং প্রশাসনের প্রতি এমন অগণতান্ত্রিক, গণবিরোধী-সংবিধানবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এই বর্বর রচিত ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। অন্যথায় সব দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।