বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে না ফেরার দেশে চলে যাওয়া বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল্লাহ।
এর আগে সকাল ১০টা ৫ মিনিটে শহীদ মিনারে তার মরদেহ আনা হয়। এর পরে ১০টা ২২ মিনিটে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা তার লাশকে বহন করে শ্রদ্ধা নিবেদনের প্যান্ডেলে নিয়ে আসেন। শুরুতেই তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে ও গার্ড অব অনার শেষে ১২ টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর জানাজার জন্য নেওয়া হয়।
সেখানে দুপুর আড়াইটাই তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পি.কা .এইচ. এম. সালাহ উদ্দীন কাদের