মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

গা ঢাকা দিয়েছেন যশোরের আওয়ামী লীগের এমপি-নেতারা

গা ঢাকা দিয়েছেন যশোরের আওয়ামী লীগের এমপি-নেতারা

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে বাড়ি এবং এলাকা ছাড়তে শুরু করেছেন সদ্য ভেঙে দেয়া দ্বাদশ সংসদের যশোরের ৬ এমপি ও নেতাকর্মীরা । মঙ্গলবার (৬ আগস্ট) বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে এ সব তথ্য জানা গেছে। এছাড়া গতকাল সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই অজ্ঞাত দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায়। সকাল থেকে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের কোনো খোঁজ মিলছে না। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তার খোঁজ পাওয়া যায়নি।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিনের নিকটতম কয়েকজন অনুসারীরা কাছ থেকে জানা যায়, দেশের চলমান অস্থিরতা শুরু হওয়ার পর গত কয়েকদিন আগে তিনি এলাকা ছেড়ে ঢাকাতে চলে যান। পরে আর এলাকায় ফেরেননি।
এদিকে খোজঁ মিলছে না বিশিষ্ট ব্যবসায়ী যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের। একাধিক সূত্র জানিয়েছে, তিনি কবে এলাকায় এসেছিলেন তাও কেউ জানেন না। এদিকে গতকাল বিকেলে তার বাসভবনে হামলা ও পোস্টার ভাঙচুরের ঘটনা ঘটে।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য এনামুক হক বাবুল এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে বাড়িতে নাকি অন্য কোথাও সেটি তার নিকটতম কেউই বলতে পারেন না। যশোর-৫ আসনের (মনিরমাপুর) সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলী যশোরে আছেন বলে অনেকে বলছেন, আবার অনেকে বলছেন তিনি আপাতত ঢাকায় অবস্থান করছেন। যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম কোথায় আছেন তা তার নিকটতম কেউ জানেন না। একাধিক সূত্রের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে তারাও তার খোঁজ জানেন না বলে জানান।

এদিকে যশোরের বহুল আলোচিত রাজনৈতিক নেতা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদার গতকাল সন্ধ্যা পর্যন্ত যশোরে অবস্থান করছিলেন। এরপর তার হোটেলে ভাঙচুর, অগ্নিসংযোগ, বাসভবনে আগুন এবং অফিস ভাঙচুর শুরু হলে তিনি যশোর ছেড়ে পালিয়ে যান।

অপরদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের অবস্থান কোনো মাধ্যম দিয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের খোঁজ মিলছে না গতকাল থেকেই। শেখ হাসিনার পদত্যাগের খবরের পরে শহরের রেলরোডের মদের দোকান ও নাথ কম্পিউটারে হামলা চালায়। একইসঙ্গে সব কম্পিউটার ও ল্যাপটাপ লুট করে নিয়ে যায়। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামের বাড়িতও হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। সদর উপজেলারে সাবেক ভাইচ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন বলে খবর চাউর হয়। তবে এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান সম্পর্কে জানা যায়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |