মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবেশ স্থলে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বিমানযোগে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছেন। বিকেল ৫টায় মির্জা ফখরুল রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে যান।
এরআগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহী পৌঁছান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।
শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। শহরের মাঠরাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডাকায় দুদিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সমাবেশস্থল ও আশপাশে অবস্থান নিয়েছেন। মাঠেই নেতাকর্মীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের প্রত্যেক বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।