মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বছরের শেষ পর্ব ধারণ করা হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। গত ১৭ ডিসেম্বর বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। বরাবরের মতোই ইত্যাদি সাজানো হয়েছে বিভিন্ন সেগমেন্ট দিয়ে।
ইত্যাদির অনুষ্ঠান ধারণ উপলক্ষে ফেনীতে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, পুলক ও রিয়াদ।
রয়েছে ফেনীর ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং কীর্তিমান ব্যক্তি ও ফেনীর সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখ, জীবনযাপনের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নানি-নাতির কথার মাতামাতি। এ ছাড়া মঞ্চে ফেনী অঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা নিয়ে নাটিকাতে অভিনয় করেছেন ফেনীর কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। দর্শকের হাতে পুরস্কার তুলে দেন নন্দিত অভিনেত্রী ফেনীকন্যা শমী কায়সার। রয়েছে তাঁর একটি ভিন্নরকম সাক্ষাৎকার। ইত্যাদির এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।