মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

এক রাতেই ট্রেনসহ ১১ যানবাহনে আগুন

এক রাতেই ট্রেনসহ ১১ যানবাহনে আগুন

নিজস্ব  প্রতিবেদক:  বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেনসহ ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পরে রাত পৌনে ৮টার দিকে গুলিস্তান টোলপ্লাজার সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।রাত ১০টার দিকে মোহাম্মদপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশী রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এদিকে রাত ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর বাইরে চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টায় জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় আরেকটি পিকআপ ভ্যানে এবং রাত সাড়ে ১১টায় কুমিল্লায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ছাড়া এদিন দিবাগত রাত সোয়া ১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩টি বগি পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, ভোররাত চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |