আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা, উৎপত্তিস্থল নরসিংদী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম

আজ সকালে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এখনো এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।

গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। সেদিন সকালের ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরপর থেকে বেশ কয়েকবার দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এ কারণে দেশটি বড় ধরনের ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন। সাম্প্রতি অল্প কিছু দিনের ব্যবধানে দেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে প্রস্তুতি, জনসচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Link copied!