স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী, জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এবং মুখ্য আলোচক হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া করা হয়।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার কর্ম ও জীবনের স্মৃতিচারণ করেন। দেশমাতৃকতায় আপোষহীনতা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশোপযোগী বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত, নেতৃত্ব ও দৃঢ় স্বাধীনচেতা মনোভাবময় সংগ্রামী জীবনী বিশদ আলোচনা করেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক মূল্যবোধ, দৃঢ়তা, আত্মমর্যাদা ও ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকার পাশাপাশি জাতির ইতিহাসে সম্মানের সাথে উচ্চারিত হবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। পরেরদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত জাতীয় সংসদ ভবন এলাকায় নামাজের জানাযা শেষে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পাশে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :