গাজীপুর-৫ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার: শেষ দিনে জামায়াতের বিশাল শোডাউন ও ব্যাপক প্রচারণা

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ-বাড়িয়া-পূবাইল) আসনে শেষ দিনের প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খাইরুল হাসানের পক্ষে ব্যাপক গণজোয়ারের চিত্র দেখা গেছে।

দিনভর পূবাইল থানা জামায়াত ও সহযোগী সংগঠনের উদ্যোগে বড় ধরনের শোডাউন, গণসংযোগ ও মোটর শোভাযাত্রায় নেতাকর্মী-সমর্থকদের সরব উপস্থিতি এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়িয়ে তোলে।

সকাল থেকে গাজীপুর সিটির ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডসহ কালীগঞ্জ-বাড়িয়া-পূবাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও দুই শতাধিক মোটরসাইকেল-প্রাইভেটকারের বহরে এই প্রচারণা সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে ও এলাকায় এক ধরনের নির্বাচনী জনজোয়ারের আবহ তৈরি হয় বলে স্থানীয়রা জানান।

পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল দাবি করেন, এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয় সম্ভব।

তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।

পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা জানান, প্রচারণা শেষ হওয়ার আগে সর্বোচ্চ জনসংযোগ নিশ্চিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার প্রতিফলন পূবাইল, কালীগঞ্জ ও বাড়িয়া এলাকাতেও স্পষ্ট।

প্রচারণায় আরও অংশ নেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, থানা সেক্রেটারি হারুন অর রশিদ খান, ডা. আমজাদ হোসেন খানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দিনের এই শোডাউন ও প্রচারণাকে ঘিরে গাজীপুর-৫ এলাকায় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের মত।

Advertisement

Link copied!