পুলিশ পুনর্গঠন ও সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ০৫:৪৪ পিএম

পুলিশ সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নিতে জাপানের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। 

এর আগে, সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর মাধ্যমে মেট্রোরেল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। তিনি জানান, ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনের ক্ষেত্রেও জাপানের সহযোগিতা নেওয়ার বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দেবে।

এ সময় রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি প্রকল্প গত বছর সফলভাবে শেষ হয়েছে এবং ভবিষ্যতেও পুলিশ ও ডিএমপির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী জাপান।

চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসরত জাপানি নাগরিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিপাক্ষিক এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!