ঈদুল ফিতর উপলক্ষে বাকৃবিতে অবস্থানরত চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের মধ্যাহ্নভোজ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬, ০৯:০১ এএম

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থানরত শতাধিক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলামের উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হয়।

জানা যায়, আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অনেক শিক্ষার্থী এবার ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে হলে অবস্থান করছেন। পরিবার পরিজন ছেড়ে ক্যাম্পাসে থাকা এই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে তাদের পাশেই থাকতে চায়। পড়াশোনার প্রয়োজনে অনেককে এবার পরিবারের বাইরে ঈদ কাটাতে হচ্ছে। তাদের একাকীত্ব দূর করে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, বাকৃবি একটি পরিবার, আর সেই পরিবারের সদস্য হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।'

Advertisement

Link copied!