নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ২

আসাদুজ্জামান তালুকদার , নেত্রকোণা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬, ১১:৫৫ পিএম

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউশী এলাকার মৃত সাহেব আলীর ছেলে কৃষক শাহীন মিয়া (৫০) প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকালে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত নিহতের স্বজনরা জানান, বুধবার বাউশী বাজারে একদফা হামলা চালায় প্রতিপক্ষরা। পরে তাদের বসতভিটায় গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে শাহীন মিয়াকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।

সেখানেও শাহীন মিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে কৃষক শাহীন মিয়া মারা যান। পরে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে তার লাশ আনা হয় ময়নাতদন্তের জন্য। এসময় নিহতের স্বজনদের হাসপাতালের মর্গের সামনে ভিড় করতে দেখা যায়। তারা এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান সোমবার বেলা ১টা নাগাদ জানান, এ ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

Link copied!