৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, তিন কর্মদিবসের মধ্যে কারণ জানানোর নির্দেশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ০৩:০০ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। ছয় সদস্যের এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-এর একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একজন প্রতিনিধি।

তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Link copied!