জ্বালানি মজুদে অভিযান: কালিয়াকৈরে ২৮৭০ লিটার ডিজেল জব্দ, আটক- ১

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০৭:০০ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ও থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক দোকান মালিককে জরিমানা করা হয়েছে এবং একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত দশটার দিকে উপজেলার শ্রীফলতলী বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দোকান মালিক আবুল হোসেনের কাছ থেকে আঠারোটি ড্রামে সংরক্ষিত মোট ২ হাজার ৮৭০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে আবুল হোসেনকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছে। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, "অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

Advertisement

Link copied!