২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো জাহাজ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ০২:৪০ পিএম

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ। রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ভিড়বে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজটি। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়ান জিং হে নামের জাহাজটি ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে এবং জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হবে। তাছাড়া রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথাও রয়েছে আগামীকাল।

ইয়ান জিং হে ও শান গ্যাং ফা জিয়ান নামের জাহাজ দুটির শিপিং এজেন্ট প্রাইডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, ইয়ান জিং হে জাহাজটি সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টনের কিছু বেশি ডিজেল নিয়ে এসেছে। জাহাজটি ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে। শান গ্যাং ফা জিয়ান রাতে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে আসছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চে জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ ভিড়েছিল বন্দরে। তার মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে আটটি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে নয়টি জাহাজ এসেছিল।

Link copied!