নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যা মামলার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিক ওই এলাকার করিম ফকিরের ছেলে এবং তিনি এই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি হিসেবে জড়িত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৮ মে রাতে সালমান খন্দকার তার বন্ধুদের সঙ্গে লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর তীরে পিকনিকে যান। সেদিন সন্ধ্যায় তিনি তার মাকে পিকনিকে যাওয়ার কথা জানালেও এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন ৯ মে সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, এর আগে তদন্তের ধারাবাহিকতায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশিককে আটক করে।
এ বিষয়ে পরিদর্শক অজিত কুমার রায় বলেন, “সালমান হত্যা মামলার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
আপনার মতামত লিখুন :