দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ পিএম

দেশে র‍্যাবের মতো একটি আইনশৃঙ্খলা বাহিনী থাকার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ১২তম মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। রোববার (৫ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, ‘আমি মনে করি, এ ধরনের একটি সংগঠন থাকার প্রয়োজন আছে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। র‍্যাব পুলিশেরই একটি সংগঠন। সুতরাং আলাদাভাবে আমি দেখছি না। র‍্যাবের প্রয়োজনের বিষয়েও দ্বিমত নেই। আমি বাইরে থেকে যা দেখেছি, এখানে এসে আরও বেশি সুসংগঠিত দেখছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি চাই, পেশাদার, মানবিক ও প্রযুক্তি নির্ভর সংগঠন গড়ে উঠুক। অপরাধ প্রতিরোধে র‍্যাব দায়িত্বশীল ভূমিকা রাখবে।’‎

র‍্যাবের ওপর আন্তর্জাতিক সমালোচনা ও মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, অতীতে কিছু ক্ষেত্রে বিচ্যুতি বা ভুলত্রুটি ছিল, যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে নিষেধাজ্ঞার বিষয়টি আর থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, র‍্যাব কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চায় এবং গত দেড় বছরে কিছুটা অগ্রগতিও হয়েছে।

র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটির অপকীর্তির ইতিহাস বেশি নয় এবং সঠিকভাবে পরিচালনা করা হলে এটি কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এ বিষয়ে সরকারও যথাযথ নির্দেশনা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দেশে জলদস্যুতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয় নজরে রয়েছে এবং তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কাজ চলমান রয়েছে এবং যেকোনো ধরনের সন্ত্রাসবাদ থাকলে তা নির্মূলে পদক্ষেপ নেওয়া হবে।

র‍্যাবের নাম পরিবর্তন বা পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, নাম পরিবর্তন, পুনর্গঠনের বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। সরকার যেভাবে বিষয়গুলো বিবেচনা করবে সেটাই হবে। সুতরাং আমাদের প্রসেসের ভেতরে থেকে বিষয়ে ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে মনে করি না।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে সহযোগিতার বিষয়ে তিনি জানান, বিচার প্রক্রিয়ার প্রয়োজনে র‍্যাব প্রয়োজনীয় সব ধরনের তথ্য ও সহায়তা প্রদান করবে।

Link copied!