ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। মিজানুর পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২৪-এর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি গা ঢাকা দেন।
জানা গেছে, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাতেন নামে আরেক আসামি এখনও পলাতক।
তদন্তসংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তার আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেন মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মিজানুর ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।
ওই হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরের সংশ্লিষ্টতা আছে দাবি করে রাফি করিমের মা আনোয়ারা খানম গণমাধ্যমকে বলেন, তাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিজানুরের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার চান।
আপনার মতামত লিখুন :