সিরিজ জয়ে চোখ নিউজিল্যান্ড অধিনায়কের

স্পোর্টস ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:০৬ পিএম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় দিয়ে শুরু করতে চান মেহেদী হাসান মিরাজ। বিপরীতে সিরিজ জয়ে চোখ টম লাথামের। আগামীকাল মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা জানানোর সময় লাথাম বলেছেন, ‘আমরা এখানে সিরিজ জিততেই এসেছি।

সবার মূল লক্ষ্য এটাই। জানি, সেটা করতে আমাদের অনেক কিছু করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে এবং উন্নতি করতে হবে।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা চলায় এই মুহূর্তে কিউইদের তারকা ক্রিকেটাররা সেই সব টুর্নামেন্টে ব্যস্ত।

তাই দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। ৩ জন বাদে দলের আর কারোরই বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। এ বিষয়ে লাথাম বলেছেন, ‘দলে অনেক ক্রিকেটারই আছে, যাদের এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম। তবে আমি মনে করি, বাংলাদেশের মতো কন্ডিশনে যত বেশি খেলা হবে, আমাদের জন্য ততই মঙ্গল।

যদি শিখতে এব উন্নতি করতে পারি তাহলে সিরিজের শেষ দিকে জয়ের সুযোগ তৈরি হবে আমাদের।’

এর আগে সিরিজ নিয়ে মিরাজ বলেছেন, ‘দেখেন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওভাবে লক্ষ্য ঠিক করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, তো সিরিজ হিসেবে আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলে প্রথম ম্যাচটা জেতার।’

 

Link copied!