ভুয়া সংবাদ প্রতিরোধে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৮ পিএম

ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মন্ত্রী জানান, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এআই প্রশিক্ষণ, ন্যারেটিভ উন্নয়ন, তথ্যবিষয়ক নীতিসহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ভুয়া সংবাদ প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে বিভিন্ন সংস্থা ও মূলধারার গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি আলোচনা সভা ও সেমিনার আয়োজনের প্রস্তুতিও চলছে।

তথ্যমন্ত্রী জানান, গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর থেকে ২২টি ফটোকার্ড ও ১০টি তথ্যবিবরণী জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রচারের জন্য পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী অপসাংবাদিকতা বা নীতিবিরোধী সংবাদ প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে এবং বর্তমানে ৮টি অভিযোগ বিচারাধীন। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।

এছাড়া, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

Link copied!