বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের সাবেক এজিএস ও বেড়ার কৃতি সন্তান ওয়াসিম আকরাম মুন্না। কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় পাবনার বেড়া উপজেলাসহ জেলার ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার বাসিন্দা মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ সন্তান ওয়াসিম আকরাম মুন্না ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ছিলেন। বেড়া সরকারি কলেজে অধ্যয়নকালেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে আত্মপ্রকাশ করেন।
নিজের মেধা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে দ্রুতই নেতাকর্মীদের আস্থা অর্জন করেন মুন্না। ছাত্র সংসদ নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হয়ে নেতৃত্বের সক্ষমতার প্রমাণ দেন তিনি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নেতৃত্ব প্রদান এবং তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা মুন্নার এক চাচা বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আরেক চাচা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক বেড়া পৌর বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত নেতা ওয়াসিম আকরাম মুন্না বলেন,
“দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের হয়ে রাজপথে সক্রিয় থেকেছি। আপোষহীন নেতৃত্বের আদর্শ ধারণ করে সবসময় সংগঠনের জন্য কাজ করেছি। দলের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। ‘সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকার বাস্তবায়নে একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।”
মুন্নার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সদস্য সচিব কামরুজ্জামান প্রিন্স। এছাড়া বেড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মানিক হোসেন, বেড়া কলেজ শাখার আহ্বায়ক সালমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ওয়াসিম আকরাম মুন্না তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :