মালয়েশিয়ায় অভিবাসীবাহীদের নৌকা ডুবে নিখোঁজ ১৪

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০১:২৯ পিএম

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, নৌকাটিতে মোট ৩৭ জন অবৈধ অভিবাসী ছিলেন।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, সোমবার ভোরে এক স্থানীয় জেলে সমুদ্রে কয়েকজন মানুষকে ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন।

পেরাক অঙ্গরাজ্যের এমএমইএ পরিচালক মোহাম্মদ শুকরি খোতব এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে অভিযান চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকা।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী নৌকা, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলনামূলকভাবে উন্নত অর্থনীতির দেশ মালয়েশিয়ায় এশিয়ার দরিদ্র দেশগুলো থেকে আসা লাখ লাখ অভিবাসী কাজ করেন। নির্মাণ ও কৃষিখাতে কাজ করা এসব শ্রমিকের বড় একটি অংশ অবৈধভাবে সেখানে অবস্থান করছেন।

তবে মানবপাচারকারী চক্রের মাধ্যমে সমুদ্রপথে মালয়েশিয়ায় প্রবেশের এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রায়ই এ ধরনের নৌকাডুবির ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে আরেকটি নৌকাডুবিতে ৩৬ অভিবাসীর মৃত্যু হয়েছিল।

Link copied!