ফুলপুরে তুষার গ্রেফতার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৫:১৯ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলা উপজেলার চড়পাড়ার বাসিন্দা তারেকুর রহমান তুষারকে ফুলপুর থানা পুলিশের গ্রেফতার ও তার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও স্বজনরা।

সম্প্রতি ফুলপুরের ঘাসফড়িং রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তুষারের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা পূর্ব মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজনৈতিক পরিচয় জড়িয়ে তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে দেখিয়ে মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “মূল অভিযুক্ত ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করতে না পেরে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। নিরীহ মানুষকে রাজনৈতিকভাবে জড়িয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে।” তারা আরও অভিযোগ করেন, ফুলপুর থানা পুলিশ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

তুষারের আত্মীয়-স্বজনরা দাবি করেন, তার বিরুদ্ধে পূর্বে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড ছিল না। গ্রেফতারের পর তাকে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে অবিলম্বে তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

এদিকে একই সময়ে ফুলপুর উপজেলা জুড়ে নিষ্ক্রিয় থাকা যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী পুনরায় গোপনে সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। স্থানীয় সূত্রের দাবি, বিভিন্ন এলাকায় গোপন বৈঠক, ছোট ছোট মিছিল ও নতুন করে কমিটি গঠনের তৎপরতা চলছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নির্দিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রেখেই সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে তুষার গ্রেফতারের ঘটনাসহ সাম্প্রতিক অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে ফুলপুর থানা পুলিশ-এর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Link copied!