যুদ্ধবিরতির শর্ত মানতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এরজন্য যুক্তরাষ্ট্রিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ।
তিনি লিখেছেন, নৌ অবরোধ এবং লেবাননে গণহত্যাকারী জায়নবাদী শাসনের যুদ্ধাপরাধ বৃদ্ধিই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি না মানার সুস্পষ্ট প্রমাণ।
গালিবাফ আরও বলেন, প্রত্যেক সিদ্ধান্তেরই মূল্য আছে, আর সেই মূল্য একসময় পরিশোধ করতেই হয়। এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। শেষ পর্যন্ত সবকিছুই স্পষ্ট হয়ে যাবে।
ইরানের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয়ে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক বিষয়ে কখন পদক্ষেপ নিতে হবে, তা আমরা জানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধের অবসান ঘটানো।
বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
সূত্র : আল জাজিরা
আপনার মতামত লিখুন :