মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৮:৪৮ পিএম

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুতে তার সন্তানদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। যা দেশজুড়ে নাড়া দিয়েছে। এ ঘটনায় তার ছেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

 

এর আগে, দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছিলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়াসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

৯৯৯–এ ফোন পেয়ে গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নুরজাহান বেগমের মৃত্যুর পর জানা যায়, তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। তবে তার প্রতি সন্তানদের অবহেলার বিষয়ে নানা সমালোচনা হচ্ছে।

Link copied!