তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৬:৫৪ পিএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনে এনসিপি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের অভিনন্দন জানান। অন্যদিকে নাহিদ ইসলাম রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের তরুণদের মধ্যে বিনিময় কর্মসূচি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এনসিপি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর ও রাফে সালমান রিফাত।

Link copied!