শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘তেলাপোকা পার্টি’র বিক্ষোভ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৭:৪১ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘তেলাপোকা পার্টি’ নামে পরিচিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। নিট (NEET) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শত শত সমর্থক।

বিক্ষোভে নেতৃত্ব দেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, “তেলাপোকারা ভয় পায় না, তারা সহজে হার মানেও না। তাই শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য আমাদের আন্দোলন চলবে।”

দিল্লি পুলিশের অনুমতি নিয়ে শনিবার যন্তরমন্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমর্থকদের জাতীয় পতাকা ও বই হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। আন্দোলনকারীরা শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।

কর্মসূচিকে কেন্দ্র করে যন্তরমন্তর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের এক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’র আত্মপ্রকাশ ঘটে। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি তরুণদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করে। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর সংগঠনটি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মাঠে নামে।

ভারতে চলমান শিক্ষা-সংক্রান্ত বিতর্কের মধ্যে দিল্লির এই বিক্ষোভ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Link copied!