দেশে বিদ্যুতের ঘাটতি নেই, সাময়িক বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:৩৯ পিএম

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তাঁর ভাষ্য, ঝড়-বৃষ্টি, সঞ্চালন বা বিতরণ লাইনের ত্রুটি এবং অন্যান্য যান্ত্রিক কারণে যে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তাকে লোডশেডিং হিসেবে আখ্যায়িত করা সঠিক নয়।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি দেশের বিদ্যুৎ পরিস্থিতি, উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল অভিযোগ করেন, গ্রামাঞ্চলে এখনও প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে না। পাশাপাশি নওয়াপাড়া শিল্পাঞ্চলেও বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করেন তিনি।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ, গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। এসব ঘটনাকে লোডশেডিং বলা যথাযথ নয় বলে তিনি মন্তব্য করেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় সরকার জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বর্তমানে ৭ হাজার ৯২৮ মেগাওয়াট উৎপাদন সক্ষমতাসম্পন্ন ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এছাড়া ৬৬৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ১৫টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে চালু হবে।

বিদ্যুৎমন্ত্রী আরও জানান, দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, গ্যাস, কয়লা ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে বর্তমানে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না।

Link copied!