স্বরূপকাঠিতে ট্রলার থেকে পড়ে যুবকের মৃত্যু

মারুফ পারভেজ , নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম

স্বরূপকাঠিতে ট্রলার থেকে পড়ে যুবকের মৃত্যু

নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার পর্যটনসমৃদ্ধ আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান এলাকায় ট্রলার ভ্রমণকালে পানিতে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আটঘর-কুড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুইন সরদার (১৭)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের বাসিন্দা এবং মনির সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারে থাকা তার বন্ধুদের সূত্রে জানা যায়, মুইন সরদার বন্ধুদের সঙ্গে পেয়ারা বাগান ঘুরতে এসে একটি ট্রলারে ভ্রমণ করছিলেন। ট্রলার চলন্ত অবস্থায় তিনি সামনের দিকে বসা ছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে হঠাৎ পানিতে পড়ে যান।

ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রলার থামিয়ে তার সঙ্গীরা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মুইন সরদারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।

সিয়াম সরিষা
Link copied!