নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের ভাই আমিনুর ফকির জানান, গত ১৫ রমজান রাজিব শেখ আলিনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিন টাকা পরিশোধ না করে শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজিব শেখসহ তাদের পরিবারের সদস্যরা আলিনুর ও আমিনুরকে বাড়ি থেকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেন।
তার অভিযোগ, সেখানে পৌঁছানোর পর হঠাৎ করেই রাজিব শেখ ও তার পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আলিনুরকে পেটে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

আপনার মতামত লিখুন :