টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:২৭ এএম

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

ফাইল ফটো

টানা বৃষ্টির কারণে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম সেঞ্চুরির কোঠায় উঠেছে। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকায়।

আজ বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা এবং কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে রয়েছে পেঁপে, যা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। মোহাম্মদপুর টাউন হলের সবজি ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ভারী বৃষ্টিতে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সরবরাহ সংকট আরও বেড়েছে।

এক ক্রেতা জানান, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কিনেছেন, এখন সেটি ১০০ টাকার কাছাকাছি। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দাম কমতে শুরু করবে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিন বাজারে দামের চাপ আরও বাড়তে পারে।

Link copied!