প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের প্রতিটি মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দাখিল ও আলিম স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে চারটি দল গঠন করে বোর্ডে তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন এবং একই দিন সারা দেশে একযোগে টুর্নামেন্ট শুরু হবে। নির্দেশনায় বলা হয়েছে, দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে। গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে।
এছাড়া খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দল গঠনের তথ্য registrar@bmeb.gov.bd ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত করে টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :