কোম্পানীগঞ্জে সাংবাদিকের ছেলের ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

রমজান আলী রানা , কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৬:২৬ পিএম

কোম্পানীগঞ্জে সাংবাদিকের ছেলের ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় এক সাংবাদিকের ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশফাক উল্যা চৌধুরী অর্পণ (২১) নামে ওই যুবক আহত হয়েছেন। তিনি স্থানীয় সংবাদপত্রের এজেন্ট নিউজ কর্নারের মালিক ও দৈনিক ইত্তেফাক-এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি জাফর উল্যা চৌধুরী পলাশের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিনেমা হল রোডে ছুফিয়ান মিয়ার কোল্ড কর্নারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অর্পণের বাবা জাফর উল্যা চৌধুরী পলাশ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়েরের ছেলে আজাদ, আব্দুর রেজ্জাকের ছেলে সাকিব, মিলনের ছেলে মিরাজ এবং হারুনের ছেলে শাহিন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অর্পণ নাস্তা শেষে দোকান থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিবারের দাবি, হামলায় অর্পণের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে গেছে। এ ছাড়া হামলার সময় তাঁর পকেটে থাকা লক্ষাধিক টাকা মূল্যের একটি আইফোন লোহার রডের আঘাতে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত এবং মাদকসেবন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের কর্মকাণ্ডে বসুরহাট বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জাফর উল্যা চৌধুরী পলাশ বলেন, "কোনো কারণ ছাড়াই আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় বেপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।" তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সিয়াম সরিষা
Link copied!