ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং শিল্প লবণ ব্যবহারের অভিযোগে তিনটি খাদ্য কারখানাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ জুলাই) মেসার্স ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রি, মেসার্স বাবুল চিড়া মুড়ি ইন্ডাস্ট্রি এবং মেসার্স আমানত ফুড ইন্ডাস্ট্রিতে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, তিনটি কারখানাতেই অত্যন্ত অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন পরিবেশে মুড়ি উৎপাদন করা হচ্ছে। নোংরা ড্রামে পানির সঙ্গে শিল্প লবণ মিশিয়ে মুড়ি তৈরিতে ব্যবহার করা হচ্ছিল। ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রিতে টয়লেটের পাশে শিল্প লবণ সংরক্ষণ করা হচ্ছিল। বাবুল চিড়া মুড়ি ইন্ডাস্ট্রিতে জেনারেটরের পাশে স্যাঁতসেঁতে পরিবেশে শিল্প লবণ রাখা ছিল। আর আমানত ফুড ইন্ডাস্ট্রিতে খোলা মুড়ির পাশে কবুতর পালন করা হচ্ছিল।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইনে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রচলিত আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :