বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলে, তাদের জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেট সেভাবেই গড়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী হবে রাষ্ট্রপতি নির্বাচন। এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।
সোমবার (২৭ জুলাই) রংপুর মহানগরীর টার্মিনালে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সিলেটের জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ‘বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠছে’এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির সাহেব কী বলেছেন, এটা তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি যে, আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।
দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায়, তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে যারা ফ্যাসিস্ট বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেট সেইভাবে তৈরি হয়েছে।
বিএনপি তো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামীর আমির সাহেব যা বলেছেন, তিনি তার গণতন্ত্রটা ভালো করে পড়বেন। তাহলে কী ব্যবস্থা হবে, সেটা দেখা যাবে। উনারা গণতান্ত্রিক দল কি না, সেটা উনারাই নিজেরা বিবেচনা করবেন।রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। এটা তো আগেই বলেছি আমরা, যে এই বছরের শেষে, না হলে সামনের বছরের প্রথম দিকে হবে।
স্থানীয় সরকার নির্বাচনে আইন সংশোধনের প্রস্তাব ও সুপারিশের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটাতে আমাদের করার কিছু নেই। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন করবে। আর আমাদের যেহেতু স্থানীয় সরকারের বিষয় আছে, এই বিষয়টা আমরা মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। পরে মির্জা ফখরুল পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। ঘুরে দেখেন স্টল। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে।
এরপর অংশ নেন শিল্পকলা একাডেমির আলোচনা সভায়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। উপস্থিত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, একটা জিনিস, ভাই, খুব পরিষ্কার করে বলতে চাই, এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না। একটু বড়, উদার হবেন। সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসঙ্গে কাজ করেন, যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলোর আমরা উন্নয়ন করতে পারি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আর যারা রংপুরে ব্যবসা-বাণিজ্য করেন, তাদের অনুরোধ করব, শুধুমাত্র ওই ঠিকাদারির পেছনে দৌড়াবেন না। বিনিয়োগের চেষ্টা করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এখন বিনিয়োগের শ্রেষ্ঠ সময়।
পরে মির্জা ফখরুল সেখানে বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরপিডিএ) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, ডিসি মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী।

আপনার মতামত লিখুন :