অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ নয় : গণপূর্ত মন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ নয় : গণপূর্ত মন্ত্রী

ফাইল ফটো

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ভবন নির্মাণের আইন ও বিধির যথাযথ বাস্তবায়ন হয়নি। অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল থাকলেও অনেক ডেভেলপার তা নির্মাণ করেননি। এখন থেকে আইন লঙ্ঘন করে ভবন বা আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাজউক ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকেও সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে।

সভায় গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অনেক গ্রাহক বছরের পর বছর টাকা পরিশোধ করেও ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না। আবার চুক্তি অনুযায়ী কিস্তি দিতে না পারায় অনেকে দীর্ঘদিন জমা টাকা ফেরত পাচ্ছেন না। এসব বিষয় মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন।

সভায় রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের নেতারা আইন ও বিধি মেনে ভবন নির্মাণের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে তারা ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা নিয়ে মতামত দেন।

Link copied!