কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৭ এএম

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

ফাইল ফটো

কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতা যাওয়ার আগে আবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় গত ১৯ আগস্টের অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা বিধি মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসন সংকটে পড়া এড়াতে বাংলাদেশি নাগরিকদের আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে উপ-হাইকমিশন। ভ্রমণের আগে হোটেলটি চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে।

চিকিৎসার জন্য কলকাতা যাওয়া রোগীদের সফরসঙ্গীদেরও আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। পাশাপাশি হোটেল থেকে সংশ্লিষ্ট হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপ-হাইকমিশন বিশেষভাবে জানিয়েছে, অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করাই নিরাপদ।

Link copied!