সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়ে সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা হজযাত্রীদের ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সাশ্রয় হওয়া অর্থ ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে ব্যয় কম হওয়ায় এই অর্থ ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
তবে ২৩ জন হাজি কোনো অর্থ ফেরত পাবেন না। তাদের চিকিৎসা ব্যয় স্বাস্থ্য বিমার আওতায় থাকা অর্থের চেয়ে বেশি হওয়ায় সাশ্রয়ের টাকা থেকে তাদের জন্য কোনো অর্থ অবশিষ্ট থাকেনি।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনার তিনটি হজ প্যাকেজের ধরন অনুযায়ী ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ ও আবাসনের ধরন ভেদে হাজিদের ফেরত পাওয়া অর্থের পরিমাণও আলাদা হবে।
এদিকে, আগামী ২০২৭ সালের হজে বিমান ভাড়া আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী জানান, আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :