টঙ্গীতে মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম

টঙ্গীতে মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইমরান সরকার , টঙ্গী: গাজীপুর মহানগরের টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গাজীপুরা বাইগারটেক এলাকার বিএনপি কার্যালয়ের সামনে ৫০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী অবস্থানের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এতে এলাকার সাধারণ মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হলো মাদকাসক্তি ও মাদক ব্যবসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করা। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। সভায় বক্তারা আরও বলেন, এলাকায় মাদক বিক্রি বা ছিনতাইয়ের ঘটনা নজরে এলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে অবহিত করতে হবে। এছাড়া তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। ‘মাদককে না বলুন’ এই বার্তার মাধ্যমে মাদক থেকে দূরে থাকা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সিয়াম সরিষা
Link copied!