মো: সাইফুউদ্দিন চৌধুরী জুয়েল : ঈদ এসে গেছে আর ঈদ মানেই নতুন পোশাক। এরই মাঝে ঈদের পোশাক কিনতে বিপনি বিতানগুলোতে নেমেছে মানুষের ঢল। বিক্রেতাও ব্যস্ত সময় পার করছেন ক্রেতার চাহিদা মেটাতে।
গরম আর বর্ষা মধ্যে এবারের ঈদ ফ্যাশন নিয়ে এসেছে ভিন্নরূপে এমন এক সময়ে যখন-তখন নামে বৃষ্টির ঘনঘটা আর তীব্র গরম। তাই গরম এবং বর্ষা ঋতুর কথা মাথায় রেখেই ঈদের পোশাকের ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনাররা। বেছে নিয়েছেন একই সঙ্গে জমকালো আর স্বস্তিদায়ক কাপড়। গরমে আরাম আর বর্ষার স্যাতস্যাতে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখেই এবার ঈদের পোশাকগুলোর ডিজাইন করা হয়েছে উজ্জ্বল তবে তা অতিরঞ্জিত নয়, এমন সব কালার বেছে নেয়া হয়েছে রাতে লাল, কালো, নীল, মেজেন্টা, কমলা এবং দিনে গোলাপি, বেগুনি, আকাশি, অ্যাশ রঙের প্রাধান্য দেয়া হয়েছে।
কাপড় হিসেবে প্রাধান্য দেয়া হয়েছে শিফন, মসলিন, জর্জেট কাপড়কে। আর তাতে জমকালো ভাব ফুটিয়ে তুলতে করা হয়েছে জারদৌসির কাজ। ঈদে মেয়েদের পোশাকে এমব্রয়ডারির প্রাধান্য চোখে পড়েছে প্রচুর এমব্রয়ডারির নকশা দেখা যাবে অঞ্জনসের ঈদ কালেকশনে। অন্য মাধ্যমেও বিভিন্ন সালোয়ার কামিজ করা হয়েছে, সালোয়ারের ক্ষেত্রে মূলত নরমাল ডিজাইনই প্রাধান্য পেয়েছে, সঙ্গে থাকছে ম্যাচিং ওড়না,উৎসবের আমেজ আনতে ওড়নাগুলোকেও বিশেষ যত্ন নিয়ে করা হয়েছে। সালোয়ার কামিজ ছাড়াও ঈদ কালেকশনে থাকছে বিভিন্ন ডিজাইনের ফতুয়া, টপস, শাড়ি ইত্যাদি।
মেয়েদের পোশাকে বৈচিত্র্য এসেছে কাটিংয়ে লং কাটের একটি কামিজ যেকোনো নারীকে সহজেই করে তোলে অনন্য এবং আড়ং, কে-ক্র্যাফট, অঞ্জন’স সহ বেশ কয়েকটি ফ্যাশন হাউজ লং কামিজের কালেকশন এনেছে।কামিজের ঝুল কখনো পেছনে বেশি থাকছে আর সামনে কমে যাচ্ছে। কখনো সামনে-পেছনে ঝুল ঠিক আছে কিন্তু সাইড থেকে নেমে গেছে।
বেশ ক’বছর ধরেই উপমহাদেশীয় ফ্যাশনধারার অনুসারে ম্যাক্সি ড্রেস, গাউন স্টাইল সিঙ্গেল কামিজ বা লং প্যাটার্ন পোশাক চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের দেশের তরুণীদের কাছেও এই ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠেছে। গরমের সময় এই পোশাক বেশ আরামদায়ক হবে, আর ট্রেন্ডি তো বটেই। তবে ফ্যাশনে সময়টা যেহেতু গ্রীষ্মকাল, সেহেতু বডি কাটিংয়ে দুই-চারটা নতুনত্ব তো চোখে পড়েই। তাও পূর্ব ফ্যাশনের বাইরে নয়। তেমনি কিছু ডিজাইনের মধ্যে ঢোলা, কার্ভ স্লিভ, বেল স্লিভ উল্লেখ্য। নেকের পরিবর্তন দেখা যায় বেশ। সেমি বোট নেক, পরট্রেইট, জুয়েল, স্কয়ার, গেদার্ড নেক, সেট ইন স্লিভ নেকের মতো প্যাটার্নেও উন্নত ডিজাইন বেশি দেখা যায় এখন। নেকে এমব্রয়ডারি, প্রিন্টের কাজ এখন ফ্যাশনের বাইরে। তবে বডিতে হালকা কাজ ট্রেন্ডের মধ্যেই।
এবার ঈদে জমকালো শাড়ির থেকে হালকা নকশার শাড়ির দিকে বেশি ঝুঁকছেন নারীরা। গরম ও বর্ষার কারণে শাড়ির জমিনে মোটিফ হিসেবে প্রাধান্য পেয়েছে প্রকৃতির ফুল ও লতা-পাতা। আর জামদানি, মসলিন, শিফন, তসরসিল্ক, সিল্ক, হাফ সিল্ক, অ্যান্ডি কটনের শাড়িতে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রং।
অপরদিকে ঈদের শাড়িতে থাকা চাই আভিজাত্য ও নতুনত্বের ছোঁয়া। সেদিক থেকে মসলিন, বেনারসি, ঢাকাই জামদানি ও কাতান শাড়িই রয়েছে ক্রেতাদের প্রথম পছন্দে। কমেছে পাথর, চুমকি, লেস বসানো জাঁকজমক শাড়ির চলটা। ঈদ সামনে রেখে ঐতিহ্যবাহী এই শাড়িগুলোর উপকরণ, রং ও নকশাতেও যোগ হয়েছে নানান বৈচিত্র্য। ঈদ সামনে রেখে রাজধানীরশপিং মল গুলো ঘুরে দেখা যায়, এবার নারীদের পছন্দের শীর্ষে রয়েছে শিফন জর্জেট, কাতান আর জামদানীর শাড়ি। ব্লাউজে চলছে পেছন দিয়ে খোলামেলা কাট। শাড়িতে জরি, পুতি, ভারী স্টোনের কাজও এবার বেশ চোখে পড়ছে। এসব শাড়ির বেশির ভাগই ভারত থেকে আমদানিকৃত।
এই ঈদের বাজারে ছেলেদের ফ্যাশন খুব বেশি পরিবর্তন চোখে পড়ছে না। ঈদে ছেলেদের ফ্যাশনে পাঞ্জাবির বিকল্প নেই। প্রতিবারেরমতোই ঈদকে সামনে রেখে আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে পাঞ্জাবির পসরা। ঈদের বাজারে বেশি চোখে পড়ে অলওভার বা পাঞ্জাবিজুড়ে প্রিন্ট। এতে নকশা হিসেবে বেশি ব্যবহৃত হয়েছে ফুলেল মোটিফ, জ্যামিতিক মোটিফের নানা ধরন। ফুলের বাইরে পাতা, ময়ূর, শাখা-প্রশাখা জাতীয় শৈলী এবারের ঈদ ট্রেন্ডে ঢুকেছে। পাঞ্জাবি যেন হয়ে উঠেছে ডিজাইনারের রংকরা ক্যানভাস। ফ্যাশন হাউসগুলোর পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন, বাজার দখল করে আছে শর্ট আর সেমি লং পাঞ্জাবি। সাথে শর্ট কাটের ফতুয়াও বেশ ট্রেন্ডি এখন।চেক নয়, ছাপা নকশার শার্টই এবার ঈদ ফ্যাশনে বেশি চলছে। বাদলা আবহাওয়া য় বৈচিত্র্যময় ছাপা নকশার শার্টের চাহিদা বেশি। ঈদ ফ্যাশন কেমন হবে তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর।
এবারের ঈদ হচ্ছে বর্ষার শুরুতে। এমন আবহাওয়ার কারণে উৎসবে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট ।বর্ষাকালে ঈদ বলে নীল রঙের অনেক পোশাক বাজারে। নানা ধরনের ওয়াশ করে ফেড করা শার্টও ঈদের বাজারে ভালো চলছে। পাশাপাশি গরম আবহাওয়ার কথা মাথায় রেখেই তরুনরা এবারও পোলো টি শার্টগুলোকে পছন্দের তালিকায় রেখেছে।
ছোটদের পোশাক
ঈদের আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়ে যায় ছোটদেরই। এবার শিশুদের পোশাকেও এসেছে ভিন্নতা। বৃষ্টি ও গরমের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে শিশুদের ঈদের পোশাক। এবার নজর কাড়ছে ‘টিস্যু গ্রাউন’ ‘গারারা’ এবং ‘ডিজে সেট’ নামের পোশাকে। রমজানের শুরু থেকেই ফ্যাশন হাউসগুলো ছোট্ট সোনামণিদের জন্য সাজিয়েছে তাদের ঈদ আয়োজন। নবজাতক থেকে শুরু করে ১৬ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের পোশাক বিক্রিও হচ্ছে দেদার।
বড়দের মতোই ছোটদের পোশাকের নকশায় প্রাধান্য পাচ্ছে।