মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:কানে ফোন রেখে কারো সঙ্গে ব্যস্ত ছিলেন রীতেশ সিধওয়ানি। অনুষ্ঠান শেষে সব তারকার সঙ্গে সস্ত্রীক বেরোচ্ছিলেন তিনিও। তবে বের হতে গিয়েই ঘটে বিপত্তি। স্ত্রীকে ধরতে গিয়ে ধরে ফেললেন অভিনেত্রী মালাইকা অরোরার হাত। কয়েক মুহূর্ত ধরে হাঁটলেনও। কিন্তু পরে বুঝলেন ডলি নন, যাঁর হাত ধরেছেন তিনি অভিনেত্রী মালাইকা অরোরা। এরই মধ্যে নিজের ভুল বুঝতে পেরে এবার গিয়ে স্ত্রী ডলির হাত ধরলেন। মুহূর্তেই নেটমাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।
হঠাৎ প্রযোজকের এমন আচরনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন মালাইকা। যদিও ক্যামেরার সামনে হাসি চাপার প্রবল চেষ্টা করছেন তিনি। যথাসম্ভব স্বাভাবিক মুখ নিয়ে মালাইকা, রীতেশ এবং ডলি গাড়িতে উঠলেন। তবে গাড়িতে উঠেই তারা হাসিতে গড়িয়ে পড়েছেন, সাংবাদিকদের চোখ এড়ায়নি সেই দৃশ্য।
কমলা রঙের স্যাটিনের শাড়িতে মালাইকাকে দেখে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা। প্রযোজকের ভুলের পর হাসির রোল নেটদুনিয়াতে। মন্তব্য এলো মালাইকার প্রেমিক অর্জুন কাপুরকে নিয়েও।
ভিডিও দেখে কেউ লিখলেন, ‘অর্জুন যদি থাকতেন, রীতেশকে দেখে নিতেন!’ আবার কেউ মন্তব্য করলেন, ‘ভুল করে হলেও মালাইকাকে তো বেশ ছুঁয়ে দিলেন ওই প্রযোজক!’ আরেকজনের বক্তব্য, ‘ইচ্ছে করেই করেছেন!’
সম্প্রতি প্রেমিক অর্জুনকে বিয়ে করার পরিকল্পনার কথা জানিয়েছেন মালাইকা। তিনি জানান, অভিনেতার সঙ্গে সাত পাক ঘুরতে প্রস্তুত তিনি। তার কথায়, ‘মনে হয় আমরা দুজনেই প্রস্তুত। সংসার পাততে চাই, পরিবার গড়ে তুলতে চাই।’