মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : গেল ঈদুল আজহায় মুক্তি পেয়ে এখনো দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহগুলোতে রমরমিয়ে ব্যবসা করছে ‘সুড়ঙ্গ’। কিন্তু ছবিটি ইতোমধ্যে পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ছবি। এ নিয়ে অভিযোগ জানাতে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন ‘সুড়ঙ্গ’ টিম।
সাক্ষাৎ শেষে সংবাদিকদের ডিবি প্রধান জানান, ‘সত্যি এটা দুঃখজনক। প্রযোজকসহ তারা সবাই মিলে সুন্দর একটি সিনেমা নির্মাণ করেছেন, বাংলাদেশের ৬৪ জেলাসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শনী হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সিনেমাটা দেখেছে। গুটি কয়েক প্রতারক চক্র সিনেমাটিকে পাইরেসি করে অনলাইনে-ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত করে তারা অবৈধভাবে টাকা ইনকাম করার চেষ্টা করছে। এটা খুবই অন্যায়।’
তিনি আরও বলেন, ‘যারা বিভিন্ন জায়গায় এটা আপলোড করছে, তাদের কাছে অনুরোধ থাকবে এটা ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধ। যারা এই অন্যায় করছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, দ্রুত ভিডিও নামিয়ে ফেলুন। না হয় ডিজিটাল নিরাপত্তা আইনে আমরা মামলা দিতে বাধ্য হব।’
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘দুই দিন ধরে বিষয়টি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছিলাম। সেটা এখন আমরা শূন্যের কোটায় নিয়ে এসেছি। সবচেয়ে বড় বিষয় হলো- আজ আমাদের সিনেমা পাইরেসির শিকার হয়েছে। কাল অন্য একটি সিনেমা হবে। সুতরাং আমরা চাই না কোনো সিনেমার সঙ্গে এমনটা হোক। এজন্য আজ পুলিশের গোয়েন্দা বিভাগকে আমরা অফিসিয়ালি জানালাম। জানানোর সঙ্গে সঙ্গে ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ স্যার তার টিমকে বলে দিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছে।’