মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

এবার দুবাই ও সিঙ্গাপুর কাঁপাবেন জায়েদ খান

এবার দুবাই ও সিঙ্গাপুর কাঁপাবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে মাতৃভূমিতে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। দেশে ফেরার পরই গিয়েছিলেন গ্রামের বাড়ি পিরোজপুরে। সেখানে কয়েকদিন থাকার পর এবার আবারও দেশের বাইরের উদ্দেশে উড়াল দিলেন এ তারকা।

বুধবার (১৬ আগস্ট) দুবাইয়ের উদ্দেশে দেশে ছেড়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। দুবাই যাওয়ার পর সেখানে তিন দিন থেকে যাবেন সিঙ্গাপুর। আর এ তথ্য অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

জায়েদ খান বলেন, দুবাইয়ে যাচ্ছি সেখানে একটি শোয়ে অংশ নেয়ার জন্য। তিন দিন থাকব সেখানে। এরপর সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানেও তিন দিন থাকব। দুবাই-সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব।

এদিকে কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ‘নারীরা জায়েদ খানে আটকায়, আর জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে…’ এ বক্তব্য দিয়ে আইনি বিপাকে পড়েন জায়েদ খান। তার বক্তব্যে নারীর সম্মান ক্ষুণ্ণ ও নারীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে অভিযোগে নোটিশ পাঠানো হয়।

জায়েদ খান এ ব্যাপারে বলেছিলেন, এ ব্যাপারে অনেকেই আমাকে ফোন করেছেন। কিন্তু এখনো কোনো আইনি নোটিশ পাইনি। এ জন্য এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নোটিশটি অফিশিয়ালি আগে হাতে পাই, তারপর এ ব্যাপারে কথা বলব।

অন্যদিকে আলোচিত এ অভিনেতার কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটিতে টিক্কা খানের ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়াও জায়েদ খান অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সোনারচর’ ও ‘বাহাদুরী’ সিনেমা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |