মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে লাগবে পরিকল্পিত বাসাবাড়ি

বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে লাগবে পরিকল্পিত বাসাবাড়ি

মো. আব্দুল মান্নান, ময়মনসিংহ
বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে প্রয়োজন পরিকল্পিত বাসাবাড়ি। পরিকল্পনার অভাবে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খরচ করেও ভাল বাসাবাড়ি অনেকে করতে পারেন না। ফলে তাকে পোহাতে হয় অনেক দুর্ভোগ। এজন্য যারা নতুন বাসাবাড়ি করছেন বা করবেন তাদেরকে সুষ্ঠু পরিকল্পনা করতে হবে, দূরদর্শী হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কমপক্ষে একশ বছরের সুদূরপ্রসারী পরিকল্পনায় বাসা বাড়ি করতে হবে। বাসায় বসে যাতে বহুমুখী সুবিধাদি পেতে পারেন সেই দৃষ্টিকোণকে সামনে রেখে সুপরিকল্পিতভাবে যোগ্য অভিজ্ঞ ও রুচিশীল ইঞ্জিনিয়ারিং প্ল্যানে আপনার বাড়ির কাজ করতে হবে। কদিন বা কয়েক বছর পর আপনার বাসার সীমানা প্রাচীর বা ঘরের দেয়াল যদি ভাঙতে হয় তবে তা খুবই দুর্ভাগ্য। ভাঙতে যাতে না হয়, সেই চিন্তা আগেই করতে হবে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনাকে রুচিশীল হতে হবে।

বাড়ির সামনে গেট থাকবে। ড্রেনের জন্য জায়গা থাকবে। ফুল ফলের বা আকর্ষণীয় ও ছায়াদার গাছ থাকবে। গাড়ি পার্কিংয়ের জায়গা থাকবে। আরও অত্যাধুনিক ফ্যাসিলিটিসম্পন্ন হতে হবে আপনার বাড়ি। হোক তা ছোট; তাও ভাল এবং এভাবেই আপনাকে বাড়ি করা উচিৎ। এখন না পারলে পরে করবেন কিন্তু যখন করবেন তখন যাতে করার পর আর ভাঙতে না হয়। আপনার বাসার পাশে সড়কের জন্য পর্যাপ্ত জায়গা রেখে বাড়ি করবেন। সড়ক যত বড় হবে, ফায়ার সার্ভিসের গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার সুবিধা যত সুন্দর থাকবে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তত আপনার বাসার চাহিদা হবে। আপনি নিজে বাসায় থাকলে যেসব সুবিধা চান ভাড়াটেরাও যাতে সেসব সুবিধা পায় সেই রকম উন্নত চিন্তা ভাবনা মাথায় নিয়ে কাজ করা উচিৎ। শুধু শহরে নয় বরং গ্রামেও সেই রকম করে বাড়ি করা উচিৎ। কৃপণতা করে যারা বাসার সাইডে এক ইঞ্চি জায়গাও না রেখে বাসা করেছেন তাদের নানা ধরনের বিপদে পড়তে হচ্ছে। লজ্জা পেতে হয়।

বাসার চতুর্দিকে নিজ সীমানা থেকে কমপক্ষে তিন ফুট রেখে বাসাবাড়ি করলে আলো বাতাস পাওয়া যেত এবং উন্মুক্ত স্বাস্থ্য সম্মত পরিবেশ পাওয়া যেত। এ সুবিধা পেতে হলে শুধু আপনি নয় বরং আপনার প্রতিবেশীকেও তা করাতে হবে। প্রতিবেশীকেও এসব রুলস মেনে বাসা করতে হবে। তা নাহলে এত অসুবিধায় পড়বেন পৃথিবীটা আপনার নিকট অসহনীয় হয়ে উঠবে। এসব বিষয়ে সরকারি বিধিমালা রয়েছে কিন্তু সরকার তা পুরোপুরি কার্যকর করতে পারছে না। বিল্ডিং কোড মানাতে পারছে না। ফলে গড়ে উঠছে যত্রতত্র অপরিকল্পিত বাসাবাড়ি। যার যেমন ইচ্ছা তেমনভাবে বাসাবাড়ি করছেন। এতে শুধু বাড়িওয়ালা নয় বরং সামগ্রিকভাবে এলাকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকার জায়গার দাম কম। যে এলাকায় গাড়ি ঢুকতে পারে না ওই এলাকায় বাসা ভাড়া কম। বিপদ বেশি। এসব বিষয়ে সরকারকে কঠোর হওয়া দরকার কিন্তু সরকার তা না পারায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এতে শুধু নিজেরা নয় বরং ওই এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, অনেক কোটিপতি সুন্দর বাড়ি করেছেন কিন্তু তার বাড়িতে তার অসুস্থ মাকে বাবাকে নিতে পারেন না।

বাসায় গাড়ি যায় না। নিজের গাড়ি আগে না থাকলেও এখন হয়েছে কিন্তু পার্কিংয়ের জায়গা না রেখে বাসা করায় গাড়ি বাসায় যায় না। এমনও দেখা গেছে যে, দুই তিন কিলোমিটার দূরে অন্যের গ্যারেজে গাড়ি রেখে রিকশায় মালিককে বাসায় যাতায়াত করতে হয়। এগুলো মূলতঃ অদূরদর্শিতার কুফল। তাই আপনাকে বাসাবাড়ি করার আগে দূরদর্শী হতে হবে। দূরদর্শী সম্পন্ন হয়ে বাসাবাড়ি না করলে শুধু আপনাকে নয় বরং আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও এ গ্লানি সইতে হবে আজীবন। এর কিছু নমুনা আমাদের ময়মনসিংহের ফুলপুর পৌরসভার পুরাতন ডাকবাংলায় দেখা দিয়েছে। আঞ্জুমান সুপার মার্কেটের পিছনের সড়কটি অপরিকল্পিতভাবে করা। এর বাসিন্দারা অনেকেই অদূরদর্শিতার পরিচয় দিয়ে বাসাবাড়ি করায় দফায় দফায় তা ভাঙতে হচ্ছে। এবার পৌরসভার পক্ষ থেকে মজবুত করে পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। ১০ ফুট প্রশস্ত করে সড়কটি করার কথা কিন্তু কোন কোন স্থানে সড়কটি এতটাই সংকোচিত যে একটি রিকশাও ক্রস করতে পারে না। তাই এর বাসিন্দারা ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ৪ দফা মিটিং করে ওই রোডে ৬ জনের বাসা ও সীমানা দেয়াল ভাঙার সিদ্ধান্ত হয়। এমনকি ইতোমধ্যে তা ভাঙা শুরু হয়েছে। এতে তারা লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এগুলো অদূরদর্শিতার কুফল বলা চলে। অতএব, নতুন বাসাবাড়ি করনেওয়ালারা সাবধান। আগে ভাগে বিল্ডিং কোড মেনে বাসাবাড়ি করুন। বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সহায়তা করুন। নিজে শান্তিতে থাকুন। অন্যকেও শান্তিতে থাকতে সহায়তা করুন

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |