মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
বিএনপি নেতাদের কঠোর হুশিয়ারি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে জেলে যাব তবু দেশ ছেড়ে পালিয়ে যাব না। পালানোর ইতিহাস তো রয়েছে বিএনপি নেতাদের। আজ শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
কাদের জানান, পালানোর অভ্যাস তো বিএনপির, আমাদের কেউ পালিয়ে যায়নি। আওয়ামী লীগ ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবিলা করেছে। বঙ্গবন্ধু বলেছেন, এই দেশেতে জন্ম আমার এই দেশেতে মরব। আমাদের জন্ম এই দেশে, আমরা এই দেশেই মরব। তিনি বলেন, মুচলেকা দিয়ে আর রাজনীতি করব না বলে, দেশ থেকে সুদূর লন্ডনে পালিয়ে গেছে আপনাদের নেতা, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পালানোর ইতিহাস তো আপনাদের, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ, এজেন্ডা নিয়ে, কর্মসূচি নিয়ে এগিয়ে যাব।পরিবহন মালিকরা আগুন সন্ত্রাসের ভয়ে বাস বন্ধ করলে আওয়ামী লীগ সরকারের কী করার আছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী আরও বলেন, এই সংকট থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদের নেত্রী দিনরাত পরিশ্রম করছেন। এই বাস্তবতায় আমাদের কথা কম, কাজ বেশি করতে হবে। উৎপাদন আরও বাড়াতে হবে এটাই বিপ্লব, এখন উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। মাছ ভাতটা থাকলেই তো হলো। সেটা আমাদের সার্ভাইবালেরর জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এই বিপ্লবটাই এখন করতে হবে। সেটা সবারই দায়িত্ব আছে, সবাই দায়িত্ব পালন করবেন।