মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু

অনলাইন  ডেস্ক:

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য চেয়ার খালি রেখে শুরু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে আবদুল আজিজ ইনস্টিটিউট ময়দানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বিকেল ২টায় শুরু হওয়ার কথা ছিল বিভাগীয় এই গণসমাবেশ। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় আগেই সমাবেশ শুরু করা হয়েছে।

গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন স্থানীয় নেতারা বক্তৃতা করছেন।

সমাবেশের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ গণমাধ্যমকে বলেন, সমাবেশস্থলে ঢুকতে পথে পথে নেতা-কর্মীদের বাধা দেয়া হচ্ছে। এসব বাধা উপেক্ষা করে তারা সমাবেশে আসছেন।

এদিকে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ, বিভিন্ন দাবিতে ফরিদপুরে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। শুক্রবার ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও চারটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |