মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

পুলিশের ওপর হামলার উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস

পুলিশের ওপর হামলার উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস

নিজস্ব প্রতিবেদক:

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা নিক্ষেপের উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টনা থানার মামালায় গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ। ভোর রাতে বাসা থেকে তাদের আটক করার দশ ঘণ্টা পর এ সিদ্ধান্ত জানালো পুলিশ।

বিএনপির এ দুই শীর্ষ নেতাকে প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পল্টন থানায় ৮ তারিখে যে মামলা হয়েছে, সেই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই তাদের আদালতে হাজির করা হবে।

সংবাদিকদের প্রশ্নের উত্তরে হারুন বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগটা হল, তারা পুলিশের ওপর বর্বোরিচত হামলায়, ককটেল নিক্ষেপের উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা এটা পেয়েছি।

বিএনপির আর কোনো কেন্দ্রীয় নেতাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সবকিছুই খেয়াল রাখছি। কেউ যদি এরকম অপরাধ করে, তারা আমাদের নজরদারিতে থাকবে।

বৃহস্পতিবার রাত ৩টায় উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম এবং আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দুজনেই সকালে বলেছিলেন, ‘সাদা পোশাকের পুলিশ’ এসে তাদের আটক করে নিয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য না এলেও আট ঘণ্টা পর ডিবি কার্যালয়ে রেখে দুই নেতাকে জিজ্ঞাসাবাদের কথা জানায় পুলিশ। তারপর বেলা আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার দেখানোর কথা হারুন অর রশীদ জানান।

এদিকে ঢাকায় বিএনপির শনিবারের সমাবেশের কয়েক ঘণ্টা বাকি থাকলেও সমাবেশ ঠিক কোথায় হচ্ছে সে ব্যাপারে পুলিশ ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

পুলিশ কর্মকর্তা হারুন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার আমাদের বৈঠক হয়। তখন তারা কমলাপুর স্টেডিয়ামের কথা বলেন। কিন্তু আমরা তাদের মিরপুর বাঙলা কলেজ মাঠের কথা বলি। আজকে তারা আবার গোলাপবাগ মাঠের কথা বলেছে। সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপর বিস্তারিত বলা যাবে।”

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |