বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকার বন্দুকের নলের মাধ্যমে নয় বরং জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার চেষ্টা করলেও ফেলে দেওয়া যাবে না। কারণ, আওয়ামী লীগের সম্পর্ক দেশের জনগণের সঙ্গে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় দড়িয়ারপাড় ঈদগাহের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে নির্বাচন আসছে, সবাইকে ভোটের জন্য প্রস্তুত হতে হবে। দেশের মানুষ এখন আলোকিত বাংলাদেশ দেখে ফেলেছে। তারা আর অন্ধকারে যেতে চায় না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অতীতে অগ্নিসন্ত্রাস-জঙ্গিবাদ দেখে ফেলেছে, তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। সারাদেশের মানুষের একটিই কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নৌকা মার্কা নিয়ে ক্ষমতায় আসবেন এবং দেশ পরিচালনা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. আবদুল মান্নান। বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।