মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। দেশের বিচার বিভাগের স্বাধীনতা নাই। এ দেশকে আওয়ামী লীগ সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। শুক্রবার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সোনালী দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি: সরকারের অব্যবস্থাপনা-কৃষক এবং জনগণের নাভিশ্বাস “শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন, এটাই শেষ বার্তা : ওবায়দুল কাদের
বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ দ্রব্য পণ্য কিনতে পারছে না। পৃথিবীর সব দেশেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাংলাদেশে যে পরিমাণে দাম বেড়েছে এটা নজিরবিহীন। এ সরকার একটা জবাবদিহি বিহীন সরকার। তাঁরা তাদের ইচ্ছেমতো যা খুশি তা করছে। তাদের ব্যর্থ পরিচালনা, অপশাসন, দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে মানুষ এখন নাভিশ্বাসের মধ্যে রয়েছে। মানুষের এখন মৃত্যুবরণ করার মতো অবস্থা তৈরী হয়ে গেছে।
তিনি আরও বলেন, কৃষিতে সরকার যে প্রজেক্টগুলো করে, সেগুলোতে তাদের মূল উদ্দেশ্য থাকে দুর্নীতি করা। সরকারি কৃষি কর্মকর্তা যারা রয়েছে তারা এরকম প্রজেক্টের সাথে জড়িত রয়েছে। এ সরকার একটি অবৈধ ও অনির্বাচিত সরকার। তারা ১৫ বছর ধরে দেশে লুটের রাজত্ব করেছে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। এ সরকার ১৫ বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে। খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা হচ্ছে। এখন সকল রাজনৈতিক দল বলছে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।
ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের সভাপতি প্রফেসর গোলাম হাফিজ কেনেডির সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাবেক সভাপতি অধ্যাপক ড. তাজমেরী এস.এ.ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।