মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: কাদের

প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে: কাদের

নিজস্ব  প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (২৬ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিশ্বাস করি, কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না। কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র যে আক্রমণ চালিয়েছে তা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না।

সরকার শুরু থেকেই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবিকে ‘সমর্থন জানিয়ে আসছিল’ মন্তব্য করে তিনি বলেন, আমরা তাদের ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছিলাম। আমরা সতর্ক করে আসছিলাম, এই আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির হত্যা খুন সন্ত্রাস ও লুটপাট নাশকতা সৃষ্টি করতে পারে। সে আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ওয়ানস বিট্রেয়ার অলওয়েজ বিট্রেয়ার, সেই সাথে মিলিয়ে বলতে চাই ওয়ানস কিলার, অলওয়েজ কিলার। একাত্তরের যারা বিশ্বাসঘাতক, হত্যাযজ্ঞ চালিয়েছে, এখনো তারা বিশ্বাসঘাতক। পঁচাত্তরে যারা জাতির পিতা, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা এখনো বিশ্বাসঘাতক, ২১ আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |